জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের আগামী ১৫ নভেম্বরের ইন্দোর কনসার্ট নিয়ে ফের বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এবার মধ্যপ্রদেশ হাইকোর্টের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ইমেইল পাঠিয়ে দিলজিতের অনুষ্ঠানসহ গ্বালিয়র হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবার হুমকির ইমেইল পৌঁছোল মধ্যপ্রদেশ হাইকোর্টে।আগামী ১৫ নভেম্বর ইন্দোরে গায়কের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে বোমা হামলার হুমকির পাশাপাশি গ্বালিয়র হাইকোর্ট উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, ইমেইলটি কে বা কারা পাঠিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
শহরের পুলিশ সুপার রবিন জৈন জানান, ইমেইলে নির্দিষ্টভাবে আগামী ১৫ নভেম্বরের অনুষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে এবং কয়েকটি সংগঠনের নামও সেখানে রয়েছে। হুমকির বিষয়টি জানার পরপরই আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পুলিশের একাধিক বিশেষ দল বিষয়টি তদন্ত করছে।
তদন্ত প্রসঙ্গে পুলিশ সুপার রবিন জৈন বলেন, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া পরিস্থিতি সামাল দিতে ইন্দোর ও ভোপাল পুলিশ যৌথভাবে কাজ করছে। ইমেইলটির উৎস বা প্রেরককে চিহ্নিত করতে প্রযুক্তিগত অনুসন্ধান চালাচ্ছে বিশেষ দল।
এদিকে বিভিন্ন মহলে নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলেও, এখন পর্যন্ত অনুষ্ঠান বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আয়োজক ও শিল্পীপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দিনেই ইন্দোরের মঞ্চে অনুষ্ঠানটি আয়োজিত হবে। পুলিশও নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছে। তবে এত কিছুর পরেও নির্ধারিত দিনেই অনুষ্ঠান করার সিদ্ধান্তে অনড় গায়ক।





