খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৫০) ১৭ বছর পর গ্রেপ্তার করেছে এসআরবি।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৭ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জসিম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হাজী তমিজউদ্দীন সড়ক বাইলেন এলাকার বাসিন্দা হোসেন আলীর ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। নিজস্ব প্রতিবেদক, খুলনা ||।
এসআরবির তথ্যমতে, ২০০৯ সালে জসিম নিহত জাহাঙ্গীর হোসেনের বাসার ভাড়াটিয়া ছিলেন এবং রিকশাচালকের কাজ করতেন। এক পর্যায়ে প্রতিবেশীর মোবাইল উদ্ধার করে দেওয়ার কথা বলে তিনি ৮০০ টাকা হাতিয়ে নেন। টাকা বা ফোন ফেরত না দেওয়ায় একই বছরের ১৯ মে স্থানীয় পর্যায়ে একটি সালিশ বৈঠক বসে। সালিশে জসিমের প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে অর্থ ও মোবাইল ফেরতের নির্দেশ দেওয়া হয় এবং জাহাঙ্গীর তাকে বাসা ছেড়ে দিতে বলেন।
এই সালিশের ঘটনার জেরে একই দিন বিকেলে জসিম ধারালো ছুরি নিয়ে জাহাঙ্গীরের ওপর চড়াও হন। তিনি জাহাঙ্গীরের ঘাড়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে আইনি জালে ধরা পড়লেন জসিম।





