কাতার সরকারের অনুরোধে দেশটির কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) তিন বছর মেয়াদে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ২৪ জন সদস্য ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ভোরে তারা কাতারের উদ্দেশে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে যাবেন প্রবাসী কর্মী।
আইএসপিআর সূত্রে জানা যায়, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন কিউসিবিএসডিতে দায়িত্বরত অবস্থায় নৌবাহিনীর সদস্যরা দেশটির সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করবেন। এছাড়া সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং সমুদ্রপথে চোরাচালান প্রতিরোধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মিশনে যোগ দেওয়ার আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি নৌবাহিনীর সুনাম বজায় রেখে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
উল্লেখ্য যে, ২০১২ সাল থেকেই বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে কাতারের এই নিরাপত্তা বিভাগে সদস্য পাঠিয়ে আসছে। এর আগে দায়িত্ব পালনকারী সদস্যদের কর্মদক্ষতা ও পেশাগত সততা স্থানীয় কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। নতুন এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। নতুন করে নিয়োগ পাওয়া ২৪ সদস্যের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
কাতারে এই দায়িত্ব পালনের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। একইসঙ্গে এই মিশনের সদস্যরা দেশে বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আইএসপিআর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।





