নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

Published: November 7, 2026, 2:26 am

নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর মদনগঞ্জগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই চালক নিঝুম প্রাণ হারান। তার মাথা, গলা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তার মরদেহ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিঝুম অনার্সে পড়তেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা নিঝুমের বন্ধু ফারহান আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের তথ্য অনুযায়ী, নিঝুম স্নাতক পর্যায়ে পড়াশোনা করছিলেন। আগামী ফেব্রুয়ারিতে তার জাপান যাওয়ার কথা ছিল এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে তিনি জাপানি ভাষা শিখছিলেন। উচ্চশিক্ষার স্বপ্নপূরণের আগেই অকাল মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সেজন্য তিনি জাপানি ভাষাও শিখেছিলেন।