সাংবাদিকদের দাবির মুখে চট্টগ্রামে পরীমনিকে বাদ দিলেন আয়োজকরা

Published: November 7, 2026, 1:26 pm

ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার জের ধরে চিত্রনায়িকা পরীমনিকে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীর প্রতি অসম্মানজনক আচরণের তীব্র প্রতিবাদ ও চট্টগ্রামের সাংবাদিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্ঠানটির আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, আদালত চত্বরের ওই ঘটনার প্রায় ১৭ দিন আগেই পরীমনির সঙ্গে উক্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চুক্তি সম্পন্ন করা হয়েছিল। তবে ঘটনার প্রেক্ষিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। তারা পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। বিশেষ করে দৈনিক সমকালের সাংবাদিক রবি ও তাঁর মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি নিষ্পত্তি না করা হলে পরীমনির পরিবর্তে বিকল্প অতিথি খুঁজে নেওয়ার আহ্বান জানান সাংবাদিকরা।

সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে আয়োজকরা শেষ পর্যন্ত পরীমনিকে বাদ দিয়েই অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছেন। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজিত হওয়ার কথা রয়েছে।