বগুড়ায় মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে অগ্নিসংযোগ

Published: November 10, 2026, 3:26 am

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ বাসস্ট্যান্ড আন্ডারপাস এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় একদল ব্যক্তি সেখানে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে তারা মহাসড়কের ওপর রাখা একটি ভ্যানের বস্তা ও চটে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছান। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে শেরপুর থানার ওসি মো. একরামুল হোসাইন জানান, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মহাসড়কে নিয়মিত টহল বাড়ানো হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।