সালমা সুলতানার ‘চিঠি দিয়ো’ উপন্যাস নিয়ে ব্যতিক্রমী আবৃত্তিসন্ধ্যা

Published: November 10, 2026, 10:26 am

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সালমা সুলতানার পত্রোপন্যাস ‘চিঠি দিয়ো’ অবলম্বনে সম্প্রতি এক নান্দনিক আবৃত্তিসন্ধ্যা আয়োজিত হয়েছে। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত এই উপন্যাসটি কেন্দ্র করে সাজানো আয়োজনটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান টুনু ও জিনিয়া আক্তার। পুরো অনুষ্ঠানের আবহ সঙ্গীতে ছিলেন খ্যাতনামা প্লেব্যাক গায়িকা আসমা দেবযানী।

অনুষ্ঠানে সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন অন্যপ্রকাশের প্রধান মাজহারুল ইসলাম, বাংলা একাডেমি পুরস্কার বিজয়ী কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন, অন্যদিন ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ নাসের। এছাড়াও বাংলাদেশ নারী লেখক সোসাইটির সভাপতি শেলী সেনগুপ্তা ও সাধারণ সম্পাদক সাঈদা নাঈমসহ অনেক কবি, লেখক ও সাহিত্যানুরাগী এতে অংশ নেন।

নিজের বইকে কেন্দ্র করে এমন আয়োজনকে লেখক সালমা সুলতানা বড় প্রাপ্তি ও সম্মান হিসেবে দেখছেন। তার ভাষ্যমতে, সাহিত্য কেবল লেখক ও পাঠকের গণ্ডিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। সৃজনশীল নানা অনুষ্ঠানের মাধ্যমে লেখক ও পাঠকের মাঝে নিবিড় সেতুবন্ধন তৈরি হয়, যা বাংলা সাহিত্যের প্রসার ও পাঠাভ্যাস বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।