না ফেরার দেশে প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু

Published: November 16, 2026, 4:56 am

তেলুগু চলচ্চিত্র জগতের জনপ্রিয় প্রবীণ অভিনেতা, পরিচালক ও প্রযোজক গিরি বাবু আর নেই। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় ক্যারিয়ারে ৬ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) শেষনিশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রবীণ এই অভিনেতার প্রয়াণে শোক জানিয়েছেন অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

১৯৪৬ সালের ৮ জুন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে জন্মগ্রহণ করেন গিরি বাবু। তার আসল নাম ছিল ইয়েরা শেষাগিরি রাও। অভিনয়ের প্রতি ছোটবেলা থেকেই তীব্র অনুরাগ ছিল তার। ১৯৭৩ সালে ‘জাগমে মায়া’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় তার অভিষেক ঘটে। ক্যারিয়ারের শুরুতে নায়ক চরিত্রে অভিনয় করলেও পরবর্তী সময়ে খলনায়ক, কৌতুকাভিনেতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। কখনো খলনায়ক, কখনো কৌতুকাভিনেতা, আবার কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন।

১৯৭৭ সালে মুক্তি পাওয়া পৌরাণিক ঘরানার সিনেমা ‘কুরুক্ষেত্রম’ তার ক্যারিয়ারের এক স্মরণীয় কাজ। এছাড়া ‘জ্যোতি’, ‘পাসিভাদি প্রণাম’, ‘হ্যালো ব্রাদার’, ‘সিসিন্দ্রি’, ‘লিটল সোলজার্স’ ও ‘নিনে পেলাডেটা’-এর মতো উল্লেখযোগ্য সিনেমায় দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি পরিচালনার ক্ষেত্রেও তিনি মুনশিয়ানা দেখিয়েছেন। তার পরিচালিত চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘রানারিঙ্গম’, ‘ইন্দ্রজিৎ’ ও ‘নী সুখামে নে কোরুথুন্না’। পাশাপাশি বেশ কিছু সিনেমা তিনি প্রযোজনাও করেছেন।

নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গেও কাজ করার আগ্রহ ছিল তার। কর্মজীবনের শেষ দিকে ‘গামিম’, ‘গীতা গোবিন্দম’, ‘জাতি রত্নালু’ ও ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর মতো সমসাময়িক সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে শ্রীদেবীকে বিয়ে করেন গিরি বাবু। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে রঘু বাবু তেলুগু চলচ্চিত্রের পরিচিত কৌতুকাভিনেতা এবং ছোট ছেলে বোস বাবুও অভিনয় জগতের সাথে জড়িত। উল্লেখ্য, ২০১৬ সালে তার স্ত্রী শ্রীদেবী মৃত্যুবরণ করেন।