ইরানের স্থলপথের বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিশ্চিতে নতুন মার্কিন টাস্কফোর্স

Published: November 7, 2026, 3:26 pm

ইরানের ওপর চলমান নৌ-অবরোধের ধারাবাহিকতায় এবার স্থলপথে নজরদারি বাড়াতে নতুন একটি টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত ইরান যেন স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগরের পথ ব্যবহার করে উন্নত অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন পণ্য স্থানান্তর করতে না পারে, সেটিই এই বাহিনীর প্রধান লক্ষ্য।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের ঘোষণা অনুযায়ী, ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের এই বিশেষ বাহিনীটি ফ্লোরিডার টাম্পা থেকে কার্যক্রম পরিচালনা করবে। সংস্থাটি অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। এটি শুধু অস্ত্র চোরাচালান নয়, বরং দ্বৈত ব্যবহারের পণ্য এবং অবৈধ অর্থ আয়ের উৎসগুলোর ওপরও কড়া নজর রাখবে বলে জানা গেছে।

সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন অন্যান্য আন্তঃসংস্থা অংশীদারদের সঙ্গে সেন্টকমের এই নতুন সহযোগিতা ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্রের কারখানা পুনর্নির্মাণ এবং সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের পথ আরও সংকুচিত করবে।

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, তাদের চলমান নৌ-অবরোধের ফলে ইরান এখন পর্যন্ত ২৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ব্যর্থ হয়েছে। স্থলপথেও একই ধরনের কঠোরতা নিশ্চিত করতে এই টাস্কফোর্স গঠন করা হলো বলে ধারণা করা হচ্ছে।