রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে (সাবেক হোম ইকোনমিকস কলেজ) আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন।
জামায়াত আমির উল্লেখ করেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে ছাত্রীরা আন্দোলন করছিলেন। তাদের সঙ্গে আলোচনার পরিবর্তে গভীর রাতে পুরুষ পুলিশ পাঠিয়ে লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন করেন, দেশে আসলেই কি কোনো কার্যকর সরকারব্যবস্থা অবশিষ্ট আছে?
ডা. শফিকুর রহমান এ ধরনের ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়নের সংস্কৃতি প্রত্যাখ্যান করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।





