আন্তর্জাতিক রাজনৈতিক দলগুলোর জোট ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। বুধবার দলটি ঢাকা ত্যাগ করে।
প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ। দলে আরও রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি কে এম বিল্লাল হোসাইন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন শিকদার।
সফরের মূল উদ্দেশ্য আইসিএপিপির এই আন্তর্জাতিক অধিবেশনে অংশগ্রহণ করা। পাশাপাশি আগামী ৭ ও ৮ নভেম্বর সিউলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব উদ্যোগে আয়োজিত কয়েকটি সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রমেও অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা।


