তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতায় কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে একটি উচ্চপদস্থ ইরানি প্রতিনিধিদল। কাতারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির একজন উপপ্রতিনিধিসহ পুরো দলটি দোহায় অবস্থান করছে, যার মূল লক্ষ্য কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্র প্রস্তুত করা। কাতারের একটি সংবাদপত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
তেহরানে কাতারি প্রতিনিধিদের সঙ্গে নিবিড় আলোচনার পরই এই প্রক্রিয়াটি গতি পায়। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, মার্কিন পক্ষের সঙ্গে কোনো সরাসরি সংলাপের পরিবর্তে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ পন্থায়ই আলোচনা পরিচালিত হচ্ছে। কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতা প্রক্রিয়ায় চলমান এই কূটনৈতিক প্রচেষ্টায় খুব দ্রুতই একটি মার্কিন প্রতিনিধিদল যোগ দেবে বলে আশা করা হচ্ছে। এমনকি উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক সমঝোতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালিতে নৌচলাচল এবং তেহরানের জন্য আর্থিক প্রণোদনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একটি প্রাথমিক ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে।
এই আলোচনার সফল সমাপ্তি উভয় পক্ষকে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক আলোচনার পথে ফিরিয়ে আনতে পারে। এছাড়া এই সম্ভাব্য চুক্তির স্থায়িত্ব ও বাস্তবায়ন নিশ্চিত করার ক্ষেত্রে চীন ও রাশিয়া গ্যারান্টার বা নিশ্চয়তাদানকারী দেশ হিসেবে ভূমিকা পালন করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





