স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সালমান মুক্তাদির

Published: November 2, 2026, 4:18 pm

সম্প্রতি নিজের স্টুডিও ভাঙচুরের ঘটনার পর পরিবার নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন পার করছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি জানিয়েছেন, একটি বড় বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং এর জের ধরে বাংলাদেশে আর কোনো নতুন বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। জীবনের এই কঠিন সময়ে স্বামী-স্ত্রীর পারস্পরিক সহযোগিতার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ভালো সময়ের আশায় থাকলে খারাপ সময়কেও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মানসিকতা রাখতে হয়।

নিজের বিরুদ্ধে ওঠা বিতর্ক ও অভিযোগ প্রসঙ্গে সালমান বলেন, ঘটনার পর তাকে নিজের অবস্থান ব্যাখ্যার কোনো সুযোগ দেওয়া হয়নি। তিনি মনে করেন, যারা অভিযোগ তুলেছেন তারা সরাসরি আলোচনায় বসলে বিষয়টি সমাধান করা সম্ভব হতো। বিনা প্রমাণে ঢালাও অপপ্রচারের নিন্দা জানিয়ে সালমান আরও বলেন, ভিত্তিহীন অভিযোগে অনেকের সম্মান ও ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। এ ধরনের পরিস্থিতি সামলানোর মানসিক শক্তি তার থাকলেও সবার তা থাকে না বলেও মন্তব্য করেন এই ক্রিয়েটর।

সবশেষে সালমান বলেন, কেবল অভিযোগ করে বসে থাকলে হবে না, কঠিন পরিস্থিতি সাহসের সাথে পেরিয়ে যাওয়াই হলো আসল কাজ। স্টুডিও ভাঙচুরের পর উদ্ভূত এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।