ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তার বিপরীতে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমীকে। চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পাকিস্তানি অন্য তারকাদের নাম নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত কিনজা হাশমীকেই চূড়ান্ত করা হয়েছে এবং তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষরের প্রক্রিয়াও শেষ হয়েছে। তবে শাকিব খান, কিনজা হাশমী কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
পরিচালক হিমেল আশরাফের পরিচালনায় এবং আরশাদ আদনানের প্রযোজনায় তৈরি হতে যাওয়া ‘মহব্বত’ সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসে গত অক্টোবরের শুরুতে। এরপর থেকেই শাকিবের নায়িকা কে হচ্ছেন তা নিয়ে চর্চা শুরু হয়। তালিকায় হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের মতো একাধিক পাকিস্তানি অভিনেত্রীর নাম উঠে এলেও শেষ পর্যন্ত কিনজাই এ তালিকায় নাম লেখালেন।
প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া জমকালো আয়োজনের মাধ্যমে নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এ কারণেই সিনেমাটির প্রথম পোস্টারে রহস্য ধরে রাখা হয়েছে, যেখানে শাকিবের পাশে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত দেখা গেলেও তার মুখ আড়ালেই রাখা হয়েছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হতে পারে এবং সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ক্যারিয়ারের প্রায় তিন দশক পার করা শাকিব খান এর আগে দেশীয় অভিনেত্রীদের পাশাপাশি কলকাতা ও যুক্তরাষ্ট্রের অভিনেত্রীদের সঙ্গেও জুটি বেঁধেছেন। অন্যদিকে পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী ২০১৪ সালে ‘অধুরা মিলান’ ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৮ সালে ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’। ২০২২ সালে ‘রূপোশ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়া কিনজার সর্বশেষ ছবি ‘শেরোজ’ মুক্তি পেয়েছে চলতি বছরের অক্টোবরে।





