তুরস্কের রাজধানী আঙ্কারার চানকায়া ম্যানশনে অনুষ্ঠিত হয়েছে অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের (ওটিএস) পরিবার ও নারী কাউন্সিলের প্রথম উচ্চপর্যায়ের সম্মানসূচক বোর্ড সভা। ‘সংহতি থেকে প্রাতিষ্ঠানিক সহযোগিতা: তুর্কি বিশ্বে পরিবার ও নারী’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই বৈঠকে অংশ নেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। তুর্কি ভাষাভাষী দেশগুলোর মধ্যে পারিবারিক মূল্যবোধ সুসংহত করা এবং নারীদের সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরির ওপর জোর দেওয়া হয় এই আয়োজনে।
বৈঠকে এমিনে এরদোয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের স্ত্রী জিরোত মাহমুদভনা মির্জিয়োয়েভা, উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট তুফান এরহুরমানের স্ত্রী নিলদেন বেকতাস এরহুরমান এবং কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভের স্ত্রী আইগুল জাপারোভা।
আলোচনার মূল উদ্দেশ্য ছিল দেশগুলোর মধ্যকার বিদ্যমান সংহতিকে প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপান্তর করা। অনুষ্ঠান শেষে এমিনে এরদোয়ান আগত প্রতিনিধিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। আনাদোলু এজেন্সি ও রয়টার্সের তথ্যানুসারে, এই উদ্যোগ তুর্কি বিশ্বের পরিবার ও নারী উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সংহতির সম্পর্ককে প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপ দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।





