দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ধনুশের রাজনীতিতে নাম লেখানোর জোর গুঞ্জন চলছে। এমন আলোচনার মধ্যেই তাকে অভিনয় চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি রাজকুমার পেরিয়াসামির সিনেমা ‘ওএম—চ্যাপ্টার ১: উদিরাম—দ্য ব্লাড উড’-এর প্রাক্মুক্তি অনুষ্ঠানে তিনি এই অনুরোধ জানান। চেন্নাইয়ের একটি কলেজে আয়োজিত অনুষ্ঠানে ধনুশ, সাই পল্লবী ও মাম্মুটির মতো তারকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মঞ্চে ধনুশের ভক্তদের হাতে বিশাল পতাকা দেখে সাই পল্লবী রসিকতা করে বলেন, তাকে দেখে রাজনৈতিক সমাবেশের মতো মনে হচ্ছে। এরপর ধনুশকে উদ্দেশ্য করে তিনি বলেন, অভিনেতা বিজয় যেভাবে রাজনীতিতে যোগ দিয়ে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন, তেমনটি যেন ধনুশ না করেন। তিনি আশা প্রকাশ করেন, ধনুশ যেন নিয়মিত অভিনয়ের মাধ্যমেই দর্শকদের মাঝে থাকেন। সাই পল্লবীর এই মন্তব্যে উপস্থিত ভক্তরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। এ প্রসঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের রাজনীতিতে যোগ দেওয়ার পর সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও তুলে ধরেছেন তিনি।
ধনুশকে কেউ রাজনৈতিক কোনো শক্তি পরিচালনা করছে কি না—এমন গুঞ্জনের বিষয়েও অভিনেতা নিজেই জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, তাকে পরিচালনা করার মতো কোনো রাজনৈতিক ব্যক্তি বা শক্তি নেই; বরং একমাত্র ঈশ্বরই তাকে পরিচালিত করেন। তার পেছনে সাধারণ মানুষ ও ভক্তদের সমর্থন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে নিজের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে সরাসরি কোনো ঘোষণা না দিয়ে আপাতত অভিনয়ের প্রতি মনোযোগী হওয়ার ইঙ্গিতই দিয়েছেন এই তারকা। এরপর ধনুশকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘আপনি যা-ই করুন না কেন, আমি আপনাকে সমর্থন করব।
উল্লেখ্য, ধনুশের প্রযোজিত ‘ওএম’ সিনেমাটি আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া ভেত্রিমারনের সাথে ‘থামিঝ মুরুগান’ এবং তামিলারাসন পাচামুথুর পরিচালনায় ‘ডি৫৬’ সিনেমার কাজও তার হাতে রয়েছে। অন্যদিকে, সাই পল্লবীকে সামনে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে দেখা যাবে, যেখানে রণবীর কাপুর ও যশও অভিনয় করছেন।





