প্রশাসনিক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়েছে। সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি—নিকারের সভায় এসব প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন মিলেছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় নতুন থানা স্থাপন ও নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছিল, আর পৌরসভা গঠন ও দপ্তর স্থানান্তরের উদ্যোগটি ছিল স্থানীয় সরকার বিভাগের।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে দুই ভাগে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলীতে নতুন ‘মাতামুহুরী থানা’ গঠন করা হবে। এছাড়া বগুড়ার শিবগঞ্জ থানা ভেঙে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুরে নতুন দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে। ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করা হচ্ছে।
সভায় প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের বিষয়েও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। লক্ষ্মীপুরের সদর উপজেলা থেকে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর এবং ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থানান্তরের অনুমোদন দেয়া হয়েছে। একই ধারায় কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রশাসনিক এসব কাঠামোগত পরিবর্তনের ফলে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।





