রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরতির সময়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আলাপকালে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণ ও নতুন প্রজন্ম ভবিষ্যতে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে। তবে সেটির আগে শিক্ষা অর্জন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশগঠনে ভূমিকা রাখার প্রস্তুতি নেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি নির্দিষ্ট বিষয়ে বিশেষ নির্দেশনা দেন। প্রথমত, নিজেদের বসতবাড়ি, শহর ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে তা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।
দ্বিতীয় পরামর্শ হিসেবে প্রধানমন্ত্রী প্রতি বর্ষা মৌসুমে নিজের কিংবা পরিবারের কারও জন্মদিন উপলক্ষ্যে অন্তত একটি করে বৃক্ষরোপণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়া তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ প্রদর্শন করার উপদেশ দেন তিনি।
এ দিন সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া দ্য আগা খান একাডেমির ১০ম ও ১১শ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এই পরিদর্শনে উপস্থিত ছিলেন।
সাক্ষাতের আগে শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন কার্যক্রম বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তারা জাতীয় সংসদ লাইব্রেরি ঘুরে দেখার পাশাপাশি সরাসরি সংসদ অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরবর্তীতে সংসদ ভবনের উত্তর প্লাজায় আয়োজিত একটি ফটোসেশনেও অংশ নেন পরিদর্শনে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠান ও ভাববিনিময়কালে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।





