সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Published: November 15, 2026, 1:56 pm

সারাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নাশকতা ও যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সালাহউদ্দীন আহমদ জানান, মাদক চোরাচালান ও প্রবেশ রোধে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার দীর্ঘ বর্ডার ফেন্সিং বা কাঁটাতারের বেড়া নির্মাণ ও বিদ্যমান কাঠামোর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলের ওপর জোর দেওয়া হয়। এছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধীদের অর্থনৈতিক নেটওয়ার্ক ও কালো টাকার প্রবাহ তদন্ত করার সুপারিশ করেছেন সভাপতি।

বৈঠকে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোর মতো আমাদের সীমান্তেও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে সীমান্ত নজরদারিতে ড্রোনের কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই বিষয়ে জাতীয় সংসদের আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শুধু সরকারি বাহিনীর ওপর নির্ভর না করে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক বিপ্লব গড়ে তোলা প্রয়োজন। এটি একক কোনো মন্ত্রণালয়ের কাজ নয়, বরং সমন্বিত জাতীয় দায়িত্ব হিসেবে পালন করতে হবে।

মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বিত নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি মাদকসংশ্লিষ্ট অপরাধ দমনে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কমিটির সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।