গোপালগঞ্জে আওয়ামী লীগের মহড়া, পুলিশের সাঁজোয়া যান ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর

Published: November 15, 2026, 10:56 am

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববার গোপালগঞ্জ শহরে লগি-বৈঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বেলা ১১টা থেকে শুরু হয়ে পৌনে দুইটা পর্যন্ত চলা এই কর্মসূচি চলাকালে শহরের বিভিন্ন সড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা। এমনকি পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে স্লোগান দিতেও দেখা গেছে অনেককে। একপর্যায়ে এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাঁচ ভেঙে ফেলা হয় এবং এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়।

মিছিলের একপর্যায়ে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভটি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। একইসঙ্গে হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের মূল ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন তারা। সকাল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েকশ নেতাকর্মী ও সমর্থক লঞ্চঘাট এলাকায় জড়ো হয়ে এই মহড়ায় অংশ নেন। মাথায় হেলমেট পরিহিত কর্মীদের এই তাণ্ডব চলাকালে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।