রাবিতে শিবির নিয়ে কর্মসূচি কেন, প্রভোস্টকে তোপের মুখে ছাত্রদল

Published: November 15, 2026, 9:56 am

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার সকাল ১০টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি নির্বাচন ও গুরুত্ব দেওয়ার বিষয়টি নিয়েই মূলত এই বিরোধের সূচনা হয়েছে।

উদ্বোধনের পরপরই ছাত্রদলের কর্মীরা প্রভোস্টের কক্ষে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে উপস্থিত ছাত্রদল কর্মী খন্দকার মেহেদী প্রভোস্টকে উদ্দেশ করে সরাসরি প্রশ্ন তোলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করা যাবে না। আপনি তাদের নিয়ে কেন অনুষ্ঠান করেছেন?’ এ সময় ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, গ্যারেজ নির্মাণের দাবি তারা তুললেও আয়োজনে তাদের চেয়ে শিবিরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা জানান, তাদের অনুষ্ঠানের বিষয়ে মাত্র ১০-১৫ মিনিট আগে জানানো হয়েছে, অথচ শিবির নেতাদের অনেক আগে থেকেই অবগত করা হয়েছিল। ছাত্রদলের অভিযোগ, হল প্রশাসন সচেতনভাবে শিবিরের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। বাকবিতণ্ডার সময় হাসিম রানার সাথে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নিশাতসহ জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, আবদুল্লাহ আল মোস্তাফিজ ও জালাল ফারাজী উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকার। তিনি জানান, গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমেই সবাইকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছিল। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান শুরুর আগে উপস্থিতি নিশ্চিত করতে হলের কর্মকর্তাদের মাধ্যমে সব শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের রিমাইন্ডার দেওয়া হয়েছিল। প্রভোস্ট বলেন, তিনি কাউকে আলাদাভাবে ডাকেননি, তাজুল ইসলাম নিজ থেকেই সেখানে এসেছেন।

অপরদিকে, হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, গ্যারেজ নির্মাণে হল সংসদের বড় ভূমিকা ছিল। আমি কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে নয়, বরং সাবেক ভিপি হিসেবে অনুষ্ঠানে ছিলাম। তিনি হল প্রশাসনের উদাসীনতার সমালোচনা করে দাবি করেন, গ্যারেজের কাজ অনেক আগেই শেষ হয়েছিল এবং হল সংসদ থাকা অবস্থাতেই এটি উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনের অসহযোগিতায় তা সম্ভব হয়নি।