ভারত থেকে আসছে নতুন মাদক উইন সেরেক্স কফ

Published: November 15, 2026, 7:26 am

ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনের মতো মাদকের পাশাপাশি ভারত থেকে বাংলাদেশে ঢুকছে ‘উইন সেরেক্স কফ’ নামক নতুন এক নেশাজাতীয় সিরাপ। একেবারেই ফেনসিডিলের আদলে তৈরি এই মাদকের একটি চালান রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মাগুরা মাঠ থেকে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দুপুরে ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৬-এস থেকে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাগুরা মাঠের একটি ধানক্ষেতে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ৫০ বোতল ফেনসিডিল এবং এর বিকল্প হিসেবে ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইন সেরেক্স কফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক কাজী আল-আমিন অপু আরও বলেন, বাংলাদেশ ও ভারতের চোরাকারবারিরা মাদক পাচারে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় সব ধরণের চোরাচালান রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এদিকে নতুন এই মাদক প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মাদক কারবারিরা নিত্যনতুন কৌশল ব্যবহার করছে। তিনি উল্লেখ করেন, মূলত ফেনসিডিলের দাম বৃদ্ধির কারণে মাদকসেবীদের একটি বড় অংশ নতুন এই সিরাপের দিকে ঝুঁকছে। তরুণ প্রজন্মের মধ্যে এই মাদকের বিস্তার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বিগ্ন এবং এটি বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি।