টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে যানবাহনে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার দায়ে স্থানীয় বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মিয়া (যিনি এলাকায় কোটিপতি লাল মিয়া নামে পরিচিত) এবং একই ইউনিয়ন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক কবির সিকদার। শনিবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত হয় ১২ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে। গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর ৩০০ গজ উত্তরে চেয়ার বসিয়ে সোহেল ও ইউসুফ নামের দুই ব্যক্তি যানবাহন থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করছিলেন। তারা ‘টাঙ্গাইল জেলা মালিক সমিতি’র নামে রশিদের মাধ্যমে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে নিচ্ছিলেন। অনেক ক্ষেত্রে রশিদ ছাড়াই টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সোহেল জানান, আজগানা ইউনিয়ন বিএনপির ওই দুই নেতার নির্দেশেই তারা এই চাঁদাবাজি করছেন। এর আগে শুক্রবার বিকেল ৩টা ৫২ মিনিটে অনলাইনে ‘বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সরেজমিনে টাকা আদায়ের সময় সোহেল ও ইউসুফের কাছে এর কারণ জানতে চান স্থানীয় এক সংবাদকর্মী।
বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ প্রকাশের পর বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নজরে আসে। এরপরই অভিযোগের বিষয়ে দ্রুত খোঁজখবর নেওয়া হয় এবং ঘটনার সত্যতা পাওয়ায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। শুক্রবার রাত ১০টার দিকে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ স্বাক্ষরিত দলীয় প্যাডে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ জানিয়েছেন, যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে তদন্ত করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগ ওঠার পর অভিযুক্ত ব্যক্তিরা সড়ক থেকে চেয়ার তুলে নিয়ে অটোরিকশায় চলে যান বলে স্থানীয়রা জানান।





