ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলডোজারকে রাজ্যের নিজস্ব ব্র্যান্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। গৌতম বুদ্ধ নগর জেলায় একটি ট্রাক্টর কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএনএইচ ইন্ডাস্ট্রিয়ালকে এই যন্ত্র স্থানীয়ভাবে উৎপাদনের আমন্ত্রণ জানান। যোগী আদিত্যনাথ বলেন, উত্তর প্রদেশে বুলডোজার ইতোমধ্যে একটি পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। স্থানীয়ভাবে এর উৎপাদন শুরু হলে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এর বড় চাহিদা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতীক হিসেবে পরিচিতি পাওয়ায় সমর্থকরা যোগী আদিত্যনাথকে ‘বুলডোজার বাবা’ নামে অভিহিত করেন। বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সমর্থকরা প্রায়শই উচ্ছ্বাস প্রকাশ করে থাকেন। তবে এই কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনাও রয়েছে। সমালোচকদের অভিযোগ, এসব উচ্ছেদ অভিযানের আড়ালে মুসলিম, ভিন্নমতাবলম্বী ও প্রান্তিক জনগোষ্ঠীকে নির্বিচারে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যদিও সরকারি কর্তৃপক্ষের দাবি, তারা কেবল আইনসম্মতভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে এবং এতে কোনো বৈষম্য নেই।
ভারতীয় আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির শাস্তি হিসেবে সম্পত্তি গুঁড়িয়ে দেওয়ার কোনো বিধান নেই। ২০২৪ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে স্পষ্টভাবে জানিয়ে দেয়, শাস্তি হিসেবে বুলডোজার ব্যবহার করে সম্পত্তি গুঁড়িয়ে দেওয়া বেআইনি। একই সঙ্গে আদালত অবৈধ দখল উচ্ছেদের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের কঠোর নির্দেশনা প্রদান করেন।
আদালতের নিষেধাজ্ঞার দুই বছর পেরিয়ে গেলেও যোগী আদিত্যনাথ তার বুলডোজার অভিযানের পক্ষে অবস্থান অটুট রেখেছেন। বর্তমানে এই যন্ত্রটিকে উত্তর প্রদেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি সচেষ্ট। সমালোচনার তোয়াক্কা না করে মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগ রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





