ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক উসকানিমূলক কর্মকাণ্ড ও হামলা অবিলম্বে এবং কোনো শর্ত ছাড়াই বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত এই প্রস্তাবে ইয়েমেন-সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি সৌদি আরবের ওপর হুথিদের ক্রমাগত হামলা বন্ধের কঠোর বার্তা দেওয়া হয়েছে।
জাতিসংঘের এই পদক্ষেপের পর শুক্রবার (১৩ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইবি এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, হুথিদের হামলা প্রত্যাখ্যানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং আন্তর্জাতিক নৌ-চলাচলের পথে সৃষ্ট হুমকি দূর করতে এই প্রস্তাবকে দ্রুত কার্যকর পদক্ষেপ হিসেবে রূপান্তরের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে জিসিসির মহাসচিব আরও জোর দিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ইয়েমেনের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি জিসিসির অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।





