কাজে যোগ না দিলে রোববার থেকে বন্ধ কারখানা: বিজিএমইএ

Published: November 14, 2026, 12:56 pm

কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী সব কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। শনিবার ঢাকার উত্তরায় সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, ১৩(১) ধারা কার্যকর থাকলে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

মাহমুদ হাসান খান আরও উল্লেখ করেন, ইতিমধ্যে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে এর আগে ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছিল। রোববার থেকে যেসব কারখানায় উৎপাদন চালিয়ে নেওয়া সম্ভব হবে না, সেগুলো এই আইনের আওতায় বন্ধ রাখা হবে। এছাড়া সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব পেশ করার কথা থাকলেও, চলমান বিশৃঙ্খলা অব্যাহত থাকলে ওই আলোচনায় অংশ নেওয়া হবে কি না তা নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।