কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইটের যাত্রা শুরু

Published: November 15, 2026, 8:56 am

কাতারের রাজধানী দোহায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বন্ধুসভা কাতার। গত ১৩ নভেম্বর শুক্রবার দোহায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন এবং একইসাথে কাতার বন্ধুসভার নিজস্ব সাংগঠনিক ওয়েবসাইট (bondhushavaqatar.com) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ততক্ষণে কাতারের বিভিন্ন এলাকা থেকে চলে আসেন বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভা কাতার শাখার অর্ধযুগে পদার্পণ উপলক্ষে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সবার কাছে সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ওয়েবসাইট চালু করা হয়। প্রাণোচ্ছল পরিবেশে উপস্থিত বন্ধুরা একে অপরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বইমেলা সম্পাদক শরীফ হোসাইন।

এরপর উপস্থিত সদস্যদের অংশগ্রহণে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বন্ধুসভা কাতারের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে ও দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন প্রবাসে সামাজিক কর্মকাণ্ড ও মানবিক কাজের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা গত ছয় বছরে কাতারে বন্ধুসভার কার্যক্রম ও সদস্যদের পারস্পরিক সম্পর্কের বন্ধন নিয়ে আলোকপাত করেন। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায়, যিনি বন্ধুসভাকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়েছেন।

সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুভূতি প্রকাশ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি এবং নতুন সদস্য হাবিব। তারা ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে কাতার বন্ধুসভার নিজস্ব ওয়েবসাইটটির উদ্বোধন করেন উপদেষ্টা আবজল আহমেদ। ওয়েবসাইটটি তৈরির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা তামীম রায়হানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। মূলত সংগঠনের কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সমাপনী বক্তব্যে সভাপতি শাকিল আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, কাতারে বন্ধুসভার এই জয়যাত্রা ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী হবে। অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়। অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহাদ, অর্থ সম্পাদক মতিউর রহমান মিশু, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জিয়াউল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রাকিব হাসান, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি ও বইমেলা সম্পাদক শরীফ হোসাইনসহ অন্যান্য সক্রিয় সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।