প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ভারত। শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অবস্থান তুলে ধরেন। তিনি জানান, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলমান রয়েছে। এর মধ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপড়েন এবং কনস্যুলার সংলাপ পিছিয়ে যাওয়ার মধ্যেই শুক্রবার এ অবস্থানের কথা জানিয়েছে নয়াদিল্লি।
আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরবর্তী দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বর্তমানে বৈঠকটি স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জয়সওয়াল জানান, দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে আলোচনার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, বিদ্যমান ব্যবস্থার আওতায় এমনকি কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় বসতে ভারত প্রস্তুত রয়েছে। পরবর্তী কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।





