সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: নাশকতার আলামত মেলেনি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Published: November 12, 2026, 12:26 pm

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার বা পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থদিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তিনি বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি সরকারের কাছে অত্যন্ত উদ্বেগজনক এবং এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

ঘটনার বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে প্রায় ৭.৪ কিলোমিটার দূরে অবস্থিত ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। যে টিনশেড আধা-পাকা ঘরটিতে আগুন লেগেছিল, তা মূলত পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে কেউ নিয়মিত থাকতেন না। ওই ঘর থেকে মাত্র ২০ মিটার দূরে সংসদ সদস্যের বাবা-মা তিনতলা বাড়িতে অবস্থান করছিলেন। খবর পাওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তদন্ত প্রক্রিয়া নিয়ে মন্ত্রী জানান, আগুন লাগার প্রকৃত কারণ জানতে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে এর কোনো চিহ্ন মেলেনি। এছাড়া স্থানীয় সাক্ষী বা বাসিন্দাদের কাছ থেকেও নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি। বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক ওয়্যারিং দুর্বল ছিল, যার ফলে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, এসপি এবং বিজিবির একটি টিম। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগুনে পরিত্যক্ত ঘরটিতে থাকা কেয়ারটেকারের জুতো তৈরির সরঞ্জাম, কিছু কাপড় এবং দুটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অধিকতর তদন্তে যদি কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।