দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ইমেইলের মাধ্যমে একটি আবেদনপত্র পেয়েছে, যেখানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তবে লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পাঠানো এই চিঠিটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার সম্মতিতেই এসেছে কি না, তা নিয়ে হাইকমিশন নিশ্চিত নয়। চিঠিতে তার অনুমোদনের কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা স্বাক্ষর নেই। এ কারণে চিঠিটি অধিকতর পর্যালোচনার জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে, হাইকমিশন ইমেইল মারফত একটি চিঠি পেয়েছে।
এই বিষয়ে আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট করে জানিয়েছেন, পলাতক শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট দেওয়া হবে না। তিনি বলেন, আইনগতভাবে কোনো পলাতক আসামির পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায় যে, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। প্রতিবেদন অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তার বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনা নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তজনা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায়।
দিল্লির বাংলাদেশ দূতাবাসে দায়িত্বরত ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে তার মক্কেলের জন্য নতুন নথিপত্র তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। তবে পুরো প্রক্রিয়ার আইনি ভিত্তি ও চিঠির সত্যতা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে।





