ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই নতুন পাসপোর্ট প্রদান করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়ায় সাজাপ্রাপ্ত আসামি এবং চিহ্নিত সন্ত্রাসী। তাকে কোনো ধরনের কূটনৈতিক সুবিধা দেওয়ার সুযোগ নেই। উল্টো সরকার ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে আইনি সাজা কার্যকর করতে বদ্ধপরিকর।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নবায়নের আবেদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের আবেদন অত্যন্ত হাস্যকর। একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও হত্যাকারী হিসেবে তার কোনো আইনি ভিত্তি নেই। তিনি আরও উল্লেখ করেন, যদি শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে ফিরতে চান, তবে তাকে প্রচলিত আইন অনুযায়ী বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে। এছাড়া তার হয়ে যারা লবিস্ট হিসেবে কাজ করছেন, তাদের নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।
এদিকে, শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীদের মাধ্যমে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই আবেদনটি জমা দিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। ক্ষমতার পটপরিবর্তনের পর এই প্রথম তিনি পাসপোর্ট ও এনআইডির জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন। বাংলাদেশ সরকার ভারত কর্তৃপক্ষকে স্পষ্ট করে জানিয়েছে যে, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা উচিত।





