তরুণরা ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল সম্ভব: এমপি এনাম

Published: November 9, 2026, 8:26 am

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট বুড়াকালি মন্দিরে শ্যামাপূজা পরিদর্শন করতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানিয়েছেন। ৮ নভেম্বর রোববার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন, তাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তা ও অবাধ চলাফেরার নিশ্চয়তা দিতে প্রশাসন সর্বদা তৎপর থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এমপি এনাম বলেন, তরুণ ও যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজরা বর্তমান সরকারের চেয়ে শক্তিশালী নয়। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না এবং কঠোর হস্তে দমন করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নির্বাচনী প্রেক্ষাপট টেনে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বিনিময় ছাড়াই ভোটাররা ধানের শীষকে বিজয়ী করেছেন। কোনো দুষ্কৃতকারী ধর্মীয় উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বুড়াকালি মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে হাজারো ভক্তের সমাগম ঘটে। পূজাকে কেন্দ্র করে মন্দিরে আয়োজিত লোকজ মেলায় দেশ-বিদেশের ভক্ত-অনুরাগীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

পূজা পরিদর্শনকালে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা শ্যামল দে, পূজা উদযাপন পরিষদের নেতা তাপস দে, মন্দিরের পুরোহিত আশিষ চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নাজিম, বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা মো. উল্লাহ, নুর হোসেন, খোরশেদ আলম, মো. করিম, আবুল হোসেন এবং যুবদল ও ছাত্রদলের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।