কক্সবাজারে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, এলাকায় তীব্র উত্তেজনা

Published: November 9, 2026, 2:56 am

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি মেম্বার নুরুল আমিন দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হয়েছেন।

রোববার রাত সাড়ে ৭টার দিকে উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর ও ছাত্রলীগ নেতা সরওয়ারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালায়।

হামলায় আশ্রয়শিবিরে অবস্থানরত কয়েকজন রোহিঙ্গাও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত নুরুল আমিনের মাথায় ও ঠোঁটে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। তাকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সাবুকতাগিন মাহমুদ সোহেল জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই বিএনপি নেতার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। অতিরিক্ত রক্তক্ষরণে ওই বিএনপি নেতা মৃত্যু পথযাত্রী বলে মনে করছেন চিকিৎসকরা।

হামলার কারণ হিসেবে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের একটি মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধকে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সুত্র দাবি করেছে, উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে মার্কেট ভাঙচুর ও দখল-বেদখলকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

সূত্রমতে, শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে একটি মার্কেট গড়ে তুলেছিল। সরকার পরিবর্তনের পর বিএনপি নেতাকর্মীরা সেই মার্কেট ভেঙে ফেলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। রোববার সন্ধ্যায় ছাত্রলীগ কর্মীরা সেই মার্কেটে পুনরায় হামলা ও ভাঙচুর চালায়। এই খবর পেয়ে নুরুল আমিন সঙ্গীদের নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন।

পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা জানান, নুরুল আমিনের মাথায় চার থেকে পাঁচটি কোপ দেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রোববার রাতেই বিক্ষুব্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।

এই উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থলে পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গভীর রাত পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত ছিল, যা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।