প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর কয়েক মাস পরেই রুপালি পর্দায় পা রাখেন তার মেয়ে জাহ্নবী কাপুর। ২০১৮ সালে শশাঙ্ক খৈতানের ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে শুরু হয় তার অভিনয় ক্যারিয়ার। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনয়ের প্রতি মায়ের উৎসাহ ছিল না বললেই চলে। জাহ্নবী চাননি মা তার মতো অভিনেত্রী হোক, তবে এক সময় শ্রীদেবী তার মেয়ের ইচ্ছার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। কিন্তু অভিনয়জগতে জাহ্নবীর আসা নিয়ে প্রথম থেকেই খুব একটা আগ্রহী ছিলেন না প্রয়াত অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অভিনয়ে আসার ইচ্ছার কথা তিনি মাকে জানিয়েছিলেন। সে সময় মা বেশ অবাকই হয়েছিলেন। এরপর মেয়েকে সম্মতি দিয়ে শ্রীদেবী বলেছিলেন, “ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে।” জাহ্নবীর ভাষ্যমতে, তার মায়ের সেই সিদ্ধান্ত তাদের পারিবারিক জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল।
কথপোকথনের এক পর্যায়ে জাহ্নবী অকপটে স্বীকার করেন, তার নাকে অস্ত্রোপচার হয়েছিল।
রসিকতা করে তিনি বলেন, “আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে অভিনয়ের সম্ভাবনা রয়েছে। জাহ্নবীর মতে, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়টি তার বড় হয়ে ওঠারই অবিচ্ছেদ্য অংশ ছিল, কারণ তার মা নিজেও নাকে অস্ত্রোপচার করিয়েছিলেন।
সৌন্দর্য সম্পর্কে নিজের ধারণা তৈরির পেছনে মায়ের প্রভাব অনেক বেশি ছিল বলে জাহ্নবী এর আগেও বহুবার উল্লেখ করেছেন। নিজের অস্ত্রোপচার নিয়ে গত বছর এক আলোচনাসভায় তিনি মন্তব্য করেছিলেন, “আমার মনে হয়, আমি যা করিয়েছি, তা খুব বুঝেশুনে, সংযতভাবে এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে করেছি। অবশ্যই এ ক্ষেত্রে মায়ের পরামর্শ পেয়েছিলাম।”





