অনলাইন নিউজ পোর্টালের সংবাদ ও কনটেন্টের গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে দক্ষ ও পেশাদার সাংবাদিক নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন, পাঠকের আগ্রহ ধরে রাখতে হলে মানসম্মত সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, অনলাইন পোর্টালের গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রধান শর্ত হলো সংবাদ ও কনটেন্টের মানোন্নয়ন। পাঠক যাতে নিয়মিত এবং আগ্রহের সাথে পোর্টালগুলোতে প্রবেশ করেন, সেটি নিশ্চিত করা জরুরি। মানসম্মত কন্টেন্ট না থাকলে প্রত্যাশিত পাঠক সাড়া বা ভিউ পাওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। তাই পোর্টালগুলোতে অভিজ্ঞ ও দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি।
নিবন্ধিত নিউজ পোর্টালগুলোর বার্ষিক নবায়ন ফি বাতিলের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, পাঁচ হাজার টাকার এই ফি মূলত একটি টোকেন ফি হিসেবে কাজ করে। এটি নতুন কোনো নিয়ম নয় এবং আগে থেকেই এই ব্যবস্থা চালু রয়েছে। তাঁর ভাষ্যমতে, এই অর্থের পরিমাণ মোটেও বেশি নয়; বরং কেউ কেউ নবায়ন ফি পাঁচ লাখ টাকা নির্ধারণ করারও প্রস্তাব দিয়েছেন।
সংশ্লিষ্টদের বিভিন্ন দাবি ও প্রস্তাবনা লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, লিখিত আকারে প্রস্তাব পেলে সেগুলো পর্যালোচনা ও যাচাই-বাছাই করা অনেক সহজ হয়। বর্তমানে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে সরকারের। অনলাইন গণমাধ্যমের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির বিষয়ে তিনি নিশ্চিত করেছেন যে, সংশ্লিষ্ট উপদেষ্টা ও সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমেই এই উদ্যোগ বাস্তবায়িত হবে এবং সবার মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।




