এসএসসি পরীক্ষায় রংপুর মহানগরীর ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারী ৮১০ কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। গত শনিবার রংপুর গ্রুপের সহযোগিতায় নগরীর রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. নিখেলেন্দ্র গুহ রায়, রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার এবং অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিফতাহুল জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে রসিক প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, আজকের এই সংবর্ধনা কেবল একটি সম্মাননা নয়, বরং এটি তাদের আগামীর পথচলার অনুপ্রেরণার সিঁড়ি। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের হাত ধরেই একটি মাদকমুক্ত, সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে। তিনি তরুণ প্রজন্মকে একটি পরিকল্পিত রংপুর মহানগরী গড়তে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তার মতে, মেধার সঙ্গে সাহসের সমন্বয় ঘটলেই ইতিহাস সৃষ্টি করা সম্ভব।
রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান অভিভাবকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা পরিহার করতে হবে। সন্তানদের সৃজনশীল চিন্তা ও প্রতিভাকে গুরুত্ব দিলে তাদের মধ্য থেকেই বড় সাফল্য অর্জন করা সম্ভব।
সংবর্ধিত শিক্ষার্থীরা এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরণ্যক পাল প্রাচুর্য বলেন, এই আয়োজন তাদের মেডিকেলে পড়ার মতো উচ্চতর লক্ষ্য অর্জনে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাসনাত খান জানান, এমন সম্মাননা পেয়ে তারা অত্যন্ত গর্বিত। পাশাপাশি তিনি পড়ালেখার পাশাপাশি নগর উন্নয়নে সিটি করপোরেশনের সঙ্গে ভবিষ্যতে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।





