অনাবৃষ্টির সমস্যা থেকে মুক্তি ও রহমতের পানির কামনায় রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে কাতারজুড়ে সালাতুল ইস্তিস্কার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ সকালে লুসাইল ঈদগাহ মাঠে সমবেত হাজারো মুসল্লির সাথে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী এই বিশেষ নামাজ আদায় করেন।
নামাজ ও মোনাজাতের পর খুতবা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। তিনি উপস্থিত মুসল্লিদের বিনম্রচিত্তে তওবা করা এবং মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। তিনি তার খুতবায় উল্লেখ করেন, অনাবৃষ্টি ও বৃষ্টিতে বিলম্বের এই সময়কাল মানুষকে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এ অবস্থায় বেশি বেশি ইস্তিগফার, দান-সদকা ও সৎকাজের ওপর জোর দেন তিনি।
এছাড়া পানিকে আল্লাহর এক অশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা ও অপচয় রোধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য দেশের নাগরিক ও প্রবাসী সকলের প্রতি আহ্বান জানান তিনি।
আমীরের সাথে এই নামাজে অংশ নেন আমীরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী এবং শেখ জসিম বিন খলিফা আল-থানী। এছাড়া শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেম, মন্ত্রিপরিষদের সদস্য, শেখ পরিবারের সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ লুসাইল মাঠে সর্বসাধারণের সাথে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।





