প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর চলাকালে ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর এলাকার জোড়া বটতলা সংলগ্ন গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল স্থানীয় ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের মধ্যেই ডুমুরিয়ায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তরিকুল যখন বাড়ির কাছে ওই চায়ের দোকানে বসেছিলেন, তখন মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাট ও মোংলা সফর শেষে খুলনায় অবস্থান করছিলেন। দুপুরে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধানমন্ত্রীর সফর চলাকালীন এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। উল্লেখ্য, গত ১ ও ২ নভেম্বর খুলনায় আরও চারজন হত্যার শিকার হয়েছেন। ধারাবাহিক এসব ঘটনায় জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও শঙ্কা বাড়ছে।





