ভোলার দৌলতখানে দুর্বৃত্তদের প্রয়োগ করা নেশাজাতীয় বিষাক্ত স্প্রে ও অজ্ঞান পার্টির কবলে পড়ে মাওলানা আবু বকর সিদ্দিক (৬৫) নামের এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। তিনি বোরহানউদ্দিন (রানীগঞ্জ) আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান মোহাদ্দেস ছিলেন এবং উপজেলার সৈয়দপুর মাঝি বাড়ি জামে মসজিদে ইমামতি করতেন। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের আগে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এই প্রবীণ আলেমের আকস্মিক মৃত্যুতে স্থানীয় আলেম ও সাধারণ মুসল্লিদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা মাওলানা আবু বকর সিদ্দিকের বসতঘরের জানালা দিয়ে নেশাজাতীয় বিষাক্ত স্প্রে ছুড়ে মারে। এর প্রভাবে ঘরের ভেতর ঘুমিয়ে থাকা মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শাহাদাত ও ১০ বছরের শিশু জুবাইদা অচেতন হয়ে পড়েন।
নিহত সিদ্দিকের ছেলে ইকবাল হোসেন জানান, অজ্ঞান পার্টির এই সদস্যরা বিষাক্ত নেশাজাতীয় স্প্রে করলে তারা তিনজনই গুরুতরভাবে অচেতন হয়ে যান। বিষাক্ত ওই গ্যাসের তীব্রতায় তার বাবার মস্তিষ্ক ও হৃৎপিণ্ড আক্রান্ত হয়। ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে মাওলানা আবু বকর সিদ্দিককে ভোলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।





