জামালপুরের মেলান্দহে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের তিন জনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
নিহত ও আহতদের তালিকা দেওয়া হলো
- নিহত একই পরিবারের তিনজন হলেন—ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) এবং তাদের আট মাস বয়সী কন্যা শিশু রিফা। অন্য নিহত ব্যক্তি হলেন মেলান্দহ উপজেলার বকুলতলার শওকত হাসান লিখন (৪৫), যিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।
- দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন শিহাটা এলাকার মৃত লেঞ্জা মিয়ার ছেলে হযরত আলী (৩৫)
- এবং একই এলাকার মো. শাকিল মিয়া (১৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিমুলতলী থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসছিল লিখনের মোটরসাইকেলটি। এ সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং পরবর্তীতে অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোরশেদ আলম ঘটনাস্থলেই প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখনের মৃত্যু হয়। বাকীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আশু উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মেলান্দহ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘাতক চালককে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।





