কনের সাজে হাতে বন্দুক, তাসনিয়া ফারিণের নতুন রহস্য

Published: November 10, 2026, 12:26 pm

বিয়ের সাজে সজ্জিত তাসনিয়া ফারিণ, কিন্তু তার হাতে ধরা পিস্তল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই স্থিরচিত্রটি আসলে কোনো বাস্তব জীবনের ঘটনা নয়, বরং ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র একটি দৃশ্য। ইমরাউল রাফাত পরিচালিত এই ডার্ক কমেডি ঘরানার সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে ১০ নভেম্বর, মঙ্গলবার। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। তাসনিয়া ফারিণের এমন অদ্ভুত সাজের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সিনেমার কাজে ব্যস্ত থাকায় বেশ কিছুদিন ওটিটি সিরিজে দেখা যায়নি তাসনিয়া ফারিণকে। সিরিজের প্রকাশিত ছবিতে বন্দুক হাতে দেখা গেছে অভিনেতা ও সংগীতশিল্পী এরফান মৃধা শিবলুকে।

দীর্ঘ বিরতির পর তাসনিয়া ফারিণ এই সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন।

এখানে তার চরিত্রের নাম ক্যামেলিয়া। একইসঙ্গে, প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে অভিনয়শিল্পীদের চরিত্রের লুক।

সিরিজটির ভিন্নধর্মী গল্প ও চরিত্রের গভীরতা তাকে আকৃষ্ট করেছে বলে জানান এই অভিনেত্রী।

ফারিণ বলেন, ওটিটিতে সাধারণত থ্রিলার বা খুনের রহস্য নিয়ে অনেক কাজ হয়, কিন্তু ডার্ক কমেডি তুলনামূলকভাবে নতুন অভিজ্ঞতা। তিনি আরও বলেন, তার অভিনীত ক্যামেলিয়া চরিত্রটি বেশ ব্যতিক্রমী এবং এতে অনেক অন্ধকার দিক রয়েছে। এটি তার জন্য প্রথম কোনো কমেডি কাজ। নামের মতো চরিত্রটাও একটু ব্যতিক্রমী।

সিরিজে ফারিণের পাশাপাশি অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। চরিত্র সম্পর্কে এরফান মৃধা শিবলু জানান, গল্পটি মজার হলেও এতে পারিবারিক সম্পর্কের জটিলতা ও রহস্য রয়েছে। তার চরিত্রটি নিয়ে দর্শকের মনে সন্দেহ থাকবে বলে ইঙ্গিত দেন তিনি। এছাড়া পার্থ শেখ তার চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতা নিয়ে কাজ করছেন। তিনি জানান, এমন অনেক স্তর রয়েছে যা আগে কখনো অভিনয়ে মোকাবিলা করেননি।

পরিচালক ইমরাউল রাফাত দীর্ঘ সময় পর ওটিটি কনটেন্ট নির্মাণে ফিরে এ চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করেন। তার মতে, ডার্ক কমেডি তার পছন্দের ঘরানা এবং প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখাই হবে মূল চ্যালেঞ্জ। চিত্রনাট্যকার নাজিম উদ দৌলার মতে, এটি প্রচলিত কোনো থ্রিলার নয়, বরং অপ্রত্যাশিত মোড়ে ভরা একটি গল্প।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, প্ল্যাটফর্মটি সবসময় দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দেওয়ার চেষ্টা করে। ওটিটিতে ডার্ক থ্রিলার অহরহ থাকলেও ডার্ক কমেডির সংখ্যা কম, যা দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দেবে। এই সিরিজটি নিয়ে বড় ধরনের প্রত্যাশা রয়েছে বলেও তিনি জানান।

সিরিজটির গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে দেখা যাবে শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু এবং সাইদুর রহমান পাভেলকে। চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই সিরিজটি মুক্তি দেওয়া হবে, তবে মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। বিয়ের সাজে কেন ক্যামেলিয়ার হাতে পিস্তল, পরিবারের আড়ালে কী রহস্য লুকিয়ে আছে এবং চরিত্রগুলোর জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয়—সেসব প্রশ্নের উত্তর পেতে দর্শকদের সিরিজটি মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।