বিমানের নিজস্ব নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার কোনো সুযোগ ছিল না। তা সত্ত্বেও ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ার বিষয়টি নিয়ে তোলপাড় চলছে। এই বিতর্কিত সিদ্ধান্তে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা ১৫ থেকে ৩০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। একই সঙ্গে, উড়োজাহাজ কেনার পরবর্তী সময়ে পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ ভবনে আয়োজিত কমিটির ষষ্ঠ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কমিটির সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তি এবং অনাদায়ি রাজস্ব উদ্ধারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ করে ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার বিষয়টি সভায় তুলে ধরা হয়। অডিট কর্তৃপক্ষ জানায়, অর্থ আদায়সংক্রান্ত ৪৫টি আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তির বিপরীতে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি, ফলে সেগুলো গ্রহণযোগ্য হয়নি। এ জটিলতা দূর করতে সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতিসহ বিস্তারিত কর্মপরিকল্পনা আগামী এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বড় ধরনের রাজস্ব ক্ষতির তথ্যও উঠে এসেছে। জানা গেছে, আন্তর্জাতিক ফ্লাইটে ইকোনমি থেকে বিজনেস ক্লাসে যাত্রীদের উন্নীত করে যে অর্থ আদায় করা হয়েছে, তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা পড়েনি। এই অনিয়ম রুখতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পূর্ণাঙ্গ আইটি অডিট কার্যক্রম শুরু হয়েছে। বিমান কর্তৃপক্ষকে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সমস্ত তথ্য-উপাত্ত অডিটরদের কাছে সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘স্যাবর’-এর সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অমান্য করে কার্যাদেশ পুরোপুরি সরবরাহ না হওয়া সত্ত্বেও সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টিও বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে লোকসানি রুট পরিচালনার ফলে হওয়া আর্থিক ক্ষতির হিসাব এবং সংশ্লিষ্ট নথিও তলব করেছে কমিটি।
কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে সরকারি কোষাগারে অর্থ জমা না দেওয়ার অভিযোগটিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে অভ্যন্তরীণ তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া লিজ নেওয়া উড়োজাহাজের বিপরীতে ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে উপস্থাপনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
বৈঠকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে সব নির্দেশনা পালনের এবং অনিয়ম দূর করার অঙ্গীকার করেছে।





