নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে লাগা আগুনের ধোঁয়ায় শিক্ষার্থীদের শ্বাসনালি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় আক্রান্তদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, বার্ন রোগীদের ক্ষেত্রে প্রথম ৭২ ঘণ্টা অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে এখন পর্যন্ত কাউকে বিপদমুক্ত ঘোষণা করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন। তিনি জানান, ঘটনার পর থেকে পর্যায়ক্রমে মোট ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে সুস্থতার ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গুরুতর রোগীদের অক্সিজেন স্যাচুরেশন ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে, অনেক ক্ষেত্রে কাশির সঙ্গে রক্ত আসার মতো জটিল উপসর্গও দেখা দিয়েছে। এছাড়া পেটে ব্যথা, চোখের জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো সমস্যাতেও ভুগছেন তারা। তাদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড় দেওয়া হয়েছে।
ডা. পাপন আরও জানান, ধোঁয়া শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করায় শ্বাসনালি পুড়ে গিয়ে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। ক্রিটিক্যাল কেয়ারে থাকা রোগীদের সহায়তায় পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া বার্নজনিত চোখের সমস্যার চিকিৎসার জন্য একজন চক্ষু বিশেষজ্ঞ যুক্ত করা হয়েছে। এছাড়া রোগীদের পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ও ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা আয়োজনের কথা রয়েছে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া কিছু রোগী মূলত আতঙ্ক বা প্যানিক অ্যাটাকের কারণে অসুস্থ বোধ করছিলেন, তাদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাদের মধ্য থেকেও দ্রুত ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বাসায় থেকে চিকিৎসাসেবা চালিয়ে যেতে পারবেন, পর্যায়ক্রমে তাদেরও ছাড়পত্র দেওয়া হবে। এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকারসহ ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।





