হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে একটি সুনির্দিষ্ট দুই দিনের পরিকল্পনা দিয়েছে ইরান। এই প্রস্তাব অনুযায়ী, ওয়াশিংটন প্রথম দিনে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে দ্বিতীয় দিন থেকেই ওই প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক হবে। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে, এই সময়ের মধ্যে দাবি মেনে না নিয়ে নতুন করে হামলা চালানো হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তার ভাষায়, এমন পরিস্থিতি তৈরি হবে যেন ‘নরক নেমে আসবে’ ওদের ওপর। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি যুক্তরাষ্ট্র।
গত মাসে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমেই এই কৌশলগত পরিকল্পনাটি সাজানো হয়েছে। মূলত গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের পেশ করা সাত দিনের পরিকল্পনার ভিত্তিতেই নতুন এই প্রস্তাবটি চূড়ান্ত করা হয়েছে। আরাগচি জোর দিয়ে বলেছেন, সব শর্ত সময়সীমার মধ্যেই বাস্তবায়ন করতে হবে।
তেহরানের পেশ করা দাবিনামার মধ্যে রয়েছে ইসলামাবাদ সমঝোতা ভেঙে যাওয়ার পর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির হার কমিয়ে আনা এবং ইরানের তেল রপ্তানির ওপর আগে দেওয়া ছাড় পুনর্বহাল করা। এছাড়াও কাতারসহ বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানের অর্থ ছাড়ের বিষয়টিও প্রস্তাবে উল্লেখ রয়েছে। একইসঙ্গে হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং অন্য পথগুলো বন্ধ করার দাবি জানিয়েছে তেহরান।
সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তের তালিকায় রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধের বিষয়টি। এর আওতায় লেবাননে ইসরাইলি সামরিক অভিযান বন্ধের দাবিও অন্তর্ভুক্ত করেছে ইরান। তবে ইরানের এই প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ইরান বলছে, হরমুজ প্রণালির স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে হলে যুক্তরাষ্ট্রকে এই শর্তগুলো মেনেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।





