আন্তর্জাতিক পর্যটন খাতকে আরও গতিশীল করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়ার নাগরিকেরা সৌদি আরবের পর্যটন ভিসা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। পর্যটকদের যাতায়াত সহজতর করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই চার দেশকে নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
নতুন এই সিদ্ধান্তের ফলে উল্লেখিত দেশগুলোর যোগ্য নাগরিকেরা সৌদি আরবে ভ্রমণ করার জন্য পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। এই ভিসার সুবিধা কেবল সাধারণ ভ্রমণে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে দর্শনার্থীরা ওমরাহ পালন, বিভিন্ন বিনোদনমূলক ইভেন্ট, প্রদর্শনী ও সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া সৌদিতে বসবাসরত বন্ধু বা আত্মীয়দের সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রেও এই ভিসা কার্যকরী হবে। এ ছাড়া প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ এবং সৌদি আরবে বসবাসরত আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাতের সুযোগও থাকবে।
দেশটির অফিশিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যোগ্য নাগরিকেরা ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসাসহ বিভিন্ন ধরণের সুবিধা পাবেন। তবে প্রতিটি ক্যাটাগরির ভিসার জন্য নির্দিষ্ট নিয়মকানুন, প্রয়োজনীয় নথিপত্র এবং যোগ্যতার শর্তগুলো পূরণ করা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে ই-ভিসা, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা।
সৌদি আরবের ভিশন ২০৩০ এবং পর্যটন খাতের কৌশলগত লক্ষ্য অর্জনে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ধর্মীয় ও ব্যবসায়িক ভ্রমণের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দেশটিকে একটি বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলাই কর্তৃপক্ষের মূল লক্ষ্য। প্রতিটি আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের আলাদা আলাদা নিয়ম ও আনুষ্ঠানিকতা মেনে চলতে হবে।





