নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সমর্থনে পটুয়াখালীর কুয়াকাটায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে কুয়াকাটা বাস টার্মিনালে রাখা মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি বোতল নিক্ষেপ করে। এতে বাসটির একাংশ পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে বাস টার্মিনালের বাইরে থেকে ভেতরে রাখা বাসটিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এর মধ্যে একটি বোতলে আগুন থাকায় বাস ক্ষতিগ্রস্ত হয়, তবে অন্য বোতলটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার পর হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, এটিকে মূলত পেট্রলবোমা বলা যাচ্ছে না। তার ভাষ্যমতে, বোতলের ভেতরে কেরোসিন ও কাপড় ব্যবহার করে আগুন ধরানো হয়েছে, যা বিস্ফোরিত হয় না। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।





