মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

Published: November 12, 2026, 4:26 am

মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন, বিএইচডি’তে বিনা খরচে কর্মী পাঠানোর জন্য লটারির মাধ্যমে ৩০০ প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে জমা পড়া ৪ হাজার ২৯টি আবেদনের মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই লটারি সম্পন্ন হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন।

মন্ত্রণালয়ের মিলনায়তনে আয়োজিত লটারি অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন স্থান পেয়েছেন। বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে দ্রুতই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে নিয়োগকারী প্রতিষ্ঠানের উপস্থিতিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ১১২ জনকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তী সময়ে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য রয়েছে। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্ট’ বা বিনা খরচে কর্মী পাঠানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে। পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্টে’ কর্মী প্রেরণের প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে কর্মী প্রেরণে লটারির মাধ্যমে দক্ষ প্রার্থী বাছাইয়ের উদ্যোগ এবারই প্রথম। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশবাসীকে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ পদ্ধতির বার্তা দেওয়া হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে, বোয়েসেল সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে।

মোহাম্মদ রাশেদুল হক আরও জানান, পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র পাওয়া গেছে। এসব পদে নিয়োগপ্রাপ্ত কর্মীরা মেডিকেল ফি ও বিমানভাড়াসহ যাবতীয় খরচ নিয়োগকর্তার বহন করার সুবিধায় শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহারসহ সংশ্লিষ্টরা।