চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ সরকারের

Published: November 13, 2026, 11:56 am

রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে সরকার বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যা পরবর্তী সময়ে বড় ধরনের নেটওয়ার্ক বিস্তারের ভিত্তি হিসেবে কাজ করবে। এ নেটওয়ার্কের পরবর্তী বড় সম্প্রসারণের গন্তব্য হিসেবে চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রথম বৈদ্যুতিক করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথটি নির্বাচিত হয়েছে, যা ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের অধিকাংশ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রকল্পের অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে বাংলাদেশ সরকার। এ রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে। রেলওয়ে সূত্র জানায়, সরকার বর্তমানে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর ২০২৮ সালের মাঝামাঝি থেকে মূল নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় ১৬ সেট অত্যাধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের উভয় প্রান্তে চালকের কক্ষ থাকায় দিক পরিবর্তনের জন্য ট্রেন ঘোরানোর প্রয়োজন পড়বে না, যা নিয়মিত বিরতিতে ট্রেন চলাচলে সহায়ক হবে। এছাড়া জয়দেবপুরে ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথ দেশের যাত্রী ও পণ্য পরিবহনের মেরুদণ্ড। এই রুটে বৈদ্যুতিক ট্রেন চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে গতি বাড়বে এবং পরিচালন ব্যয় হ্রাস পাবে। রফিকুল ইসলাম জানান, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা রুটে বছরে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টিইইউ কনটেইনার পরিবহন করা হয়, যা মোট কনটেইনার পরিবহনের তিন শতাংশ মাত্র। ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো প্রকল্পের মাধ্যমে এই সক্ষমতা ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা মোট কনটেইনার পরিবহনের প্রায় তিন শতাংশ।

রেলপথের সক্ষমতা বাড়াতে ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের পাশাপাশি টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রুটের মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে, যা ভবিষ্যতে বৈদ্যুতিক ট্রেন চলাচলের জন্য অপরিহার্য অবকাঠামো তৈরি করবে।

বুলেট ট্রেনের তুলনায় বৈদ্যুতিক ট্রেনকে অধিক বাস্তবসম্মত হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বুলেট ট্রেন চালু করতে প্রায় ১.৫ লাখ থেকে ২.৫ লাখ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে।

এছাড়া ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় বিশাল অবকাঠামো নির্মাণ বড় চ্যালেঞ্জ।

তাই পরিবেশগত সুফল ও কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা বিবেচনায় নিয়ে বৈদ্যুতিক ট্রেনের এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনেরও সুযোগ রয়েছে। এই নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে যাত্রীসেবার মানোন্নয়ন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে রেলওয়ে আশা করছে।