ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে যাবতীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার ফেরার বিষয়ে ভারত সরকারের আইনি প্রক্রিয়ার সংবাদ নিয়ে করা প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, আমরা তার সবকিছু করে রেখেছি। এখন ভারত সরকার পরবর্তী কী পদক্ষেপ নেবে, তা পুরোপুরি তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। আইনমন্ত্রী বলেন, ‘আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন শেখ হাসিনা।
আইনমন্ত্রী আরও বলেন, প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা একটি আইনগত প্রক্রিয়া। তিনি জোর দিয়ে বলেন, আইনি সুযোগের মাধ্যমেই তাকে দেশে আনা হবে। এ সময় মামলার প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, আপিল বিভাগে এই ধরনের মামলায় বিলম্ব বা সাজা কমানোর কোনো আইনগত সুযোগ নেই, কারণ স্পেশাল আইনে সেই পথ বন্ধ রাখা হয়েছে। বর্তমান সরকারের তৈরি করা আইন নয়, বরং আগের সরকারই সেই আইন প্রণয়ন করে গেছেন বলে জানান তিনি।
সংবিধানের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আমাদের সংবিধানে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংশোধনী এনেছিলেন, তার ৪৭-এর ৩ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এই বিধানটি তাদেরই করা বলে তিনি উল্লেখ করেন।




