ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির

Published: November 16, 2026, 12:56 pm

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। ‘আবু মাহমুদ’ নামে পরিচিত এই কমান্ডারকে ২০২৬ সালের সেপ্টেম্বরে নায়েল আবু ওবেইদ ওরফে ‘আবু আতিয়া’ নিহত হওয়ার পর ব্রিগেডের দায়িত্ব দেওয়া হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে এক ভয়াবহ হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি অনুযায়ী, ওই অভিযানের লক্ষ্যবস্তু ছিল হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া কয়েকজন যোদ্ধা। তবে এই হামলায় চিকিৎসক ও শিশুসহ মোট ছয়জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

চিকিৎসাকেন্দ্রের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে হামাস এটিকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। সংগঠনের দাবি, সদস্যদের লক্ষ্যবস্তু করার অজুহাতে ইসরাইল মূলত বেসামরিক হাসপাতালে চালানো নতুন অপরাধ আড়াল করার চেষ্টা করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী চিকিৎসাকেন্দ্রগুলো সুরক্ষিত থাকার কথা থাকলেও সেখানে ইসরাইল প্রতিনিয়ত হামলা চালাচ্ছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলের এই আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রের প্রশাসনের প্রতি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে হামাস। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় গাজায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর আগে এক বিবৃতিতে হামাস বলেছিল, ইসরাইলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ এবং চুক্তির শর্ত মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী দেশগুলো ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।